ভারত থেকে চোরাই পথে আসা নাসির বিড়ি জব্দ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ অবৈধ নাসির বিড়ি জব্দ করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে অবৈধ নাসির বিড়ি জব্দ করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রতন সেখ।

অভিযানে অংশ নেন পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ, উপ-পরিদর্শক অভিজিত ভৌমিক ও উপ-পরিদর্শক জহির আহমেদ সহ পুলিশের একটি টিম। 

অভিযান চালিয়ে ৫ লাখ ৪ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ টাকা জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার একই এলাকা থেকে ৩১ টি ভারতীয় গরু আটক করে সদর থানা পুলিশ। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ বলেন, চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স এর ধারাবাহিকতায় দুই দিনে একই জায়গা থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও ভারতীয় পণ্য জব্দ করেছে  সদর থানা পুলিশ। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

তিনি বলেন, জয়নগর বাজারের মানুষ পুলিশকে যেভাবে সহযোগিতা করেছে সবাইকে এরকম এগিয়ে আসতে হবে।