নোবেল শান্তি পুরস্কারের তালিকায় গাজার চিকিৎসকরা

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য গাজায় দায়িত্ব পালন করা চিকিৎসক এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াজ নেমেক আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেন।

আনাদোলু এজেন্সির খবরে জানানো হয়, নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নেমেক তা জনসমক্ষে তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য প্রস্তাবক এই মনোনয়নে স্বাক্ষর করেছেন।

ফ্রান্সেস্কা আলবানিজের ভূমিকার কথা উল্লেখ করে নেমেক বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। তীব্র রাজনৈতিক চাপ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও তিনি তার ম্যান্ডেট থেকে সরে যাননি।

তিনি আরও বলেন, ‘ফ্রান্সেস্কা আলবানিজ আমাদের বিবেকের প্রতিচ্ছবি। মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন ও নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে তিনি আমাদের সামনে আয়নার মতো দাঁড়িয়ে আছেন।’

মনোনীত তালিকায় গাজা দায়িত্ব পালন করা কয়েকজন চিকিৎসকও রয়েছেন, যাদের মধ্যে ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কারের নাম উল্লেখযোগ্য। সশস্ত্র সংঘাতের মাঝেও জীবন বাজি রেখে তারা চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।

নেমেক বলেন, মানবিক মূল্যবোধ রক্ষা ও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রশ্নে অবিচল অবস্থানের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন। মনোনীত তালিকায় গাজা ভিত্তিক চিকিৎসকরাও রয়েছেন, যারা যুদ্ধ ও সংকটের মধ্যেও জীবন ঝুঁকিতে রেখে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।