'এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে' স্লোগানে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা- ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মৃত্যুতে খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গোল চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশ শেষে নিহত শহীদ ওসমান হাদির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতীব মাওলানা যাইনুল আবেদীন জমিরী, বিক্ষোভ মিছিলে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে',‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদি, আজাদি-আজাদি’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদী-হাদী’, ‘হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘হাদি ভাই মরলো কেনও, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’ ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসনসহ বিভিন্ন স্লোগান দেন ছাত্র-জনতা।

বিক্ষোভে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতীব মাওলানা যাইনুল আবেদীন জমিরী, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল্লাহ কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মুফতি খায়রুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব, মোহাইমিনুল ইসলাম শিহাব, গণঅধিকার অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. আসাদুল্লাহ,যুগ্ম-সাধারণ সম্পাদক আমির খান,শ্রমিক অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরাম হোসেন, খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন লাদেন, ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জুবায়ের প্রমুখ। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি আর করব না। আমরা হাদি ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। তারা আরও বলেন, হাদি ভাইয়ের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা একজন বলিষ্ঠ কণ্ঠ হারিয়েছি। একজন দেশপ্রেমিককে হারিয়েছি। দ্রুত হাদি ভাইয়ের হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’