নায়িকাদের বয়সকে সীমাবদ্ধ করে রাখা হয়: শেফালি

বলিউডে ভিন্নধর্মী চরিত্রে দক্ষভাবে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শেফালি শাহ। এবার ইন্ড্রাস্টিতে বয়স ও লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুলেছেন তিনি। তার মতে, বলিউডে পুরুষ ও নারী অভিনেতাদের জন্য এখনো ভিন্ন মানদণ্ড প্রচলিত যেখানে নায়ক যেকোনো বয়সে পর্দায় গ্রহণযোগ্য হলেও নায়িকার বয়সকে সীমাবদ্ধ করে রাখা হয়।

সম্প্রতি রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে সাফল্য পেলেও তার বিপরীতে কম বয়সী অভিনেত্রীকে কাস্ট করা নিয়ে সমালোচনা ওঠে।

এই প্রসঙ্গে শেফালি শাহ বলেন, ইন্ডাস্ট্রিতে পুরুষ ও নারীর জন্য আলাদা মানদণ্ড দীর্ঘদিন ধরেই চলে আসছে। তার ভাষায়, নায়ক যেকোনো বয়সের হতে পারেন কিন্তু নায়িকার বয়স ১৮-২৫ এর মধ্যেই হতে হবে। 

২০০৫ সালের ‘ওয়াক্ত: দ্য রেস এগেইনস্ট টাইম’ ছবিতে নিজের চেয়ে বয়সে বড় অক্ষয় কুমারের মায়ের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে শেফালি জানান, ‘একজন তারকার কাজ হলো বিভিন্ন বয়স ও চরিত্রে অভিনয় করা। তবে বাস্তবে ইন্ডাস্ট্রিতে বয়সের বিষয়টি নারীদের ক্ষেত্রে এখনো বড় বাঁধা হয়ে দাঁড়ায়।’

৫৩ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, ‘শুধু বয়স নয়, নারী অভিনেত্রীদের কাজের সময় নির্ধারণ নিয়েও লিঙ্গবৈষম্য রয়েছে। শেফালি শাহ বলেন, অনেক পুরুষ অভিনেতা পরিবারকে সময় দেয়ার জন্য মাসের পর মাস কাজ থেকে বিরতি নেন যা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হয়। কিন্তু কোনো নারী একই দাবি তুললে তা বিতর্কের জন্ম দেয়। তবে সর্বশেষ ‘দিল্লি ক্রাইম ৩’ শেফালি শাহকে এ দেখা গিয়েছে।