খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি, আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গত এক মাসের তুলনায় এখন অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

তিনি জানান, আজ একটি ছোট প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি ব্রিফিং করেন।

ডা. জাহিদ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, শাহী মিসকন্দ ও পরিবারের অন্য সদস্য এবং দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দেশ-বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া যে চিকিৎসা নিতে পারছেন, তা যেন অব্যাহত থাকে এবং তার স্বাস্থ্যের আরও উন্নতি হয়-সেই দোয়াই চাওয়া হয়।

বক্তব্যের শেষে ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আবারও দোয়া চেয়ে বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতি ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।