দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত: আমান উল্লাহ

দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনপূর্বক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করা যাবে না।

আলোচনা সভা শেষে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। এ সময় ক্যাম্পে বিশজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. জাভেদ আহমেদ, ঢাকা জেলা ড্যাব সভাপতি ডা. মাহমুদ আলম তারেক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কেরানীগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আলিনুর পলাশ এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আলম বাদল প্রমুখ।