হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ হিমঘরে নেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদির জানাজার নামাজ কাল শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ওই সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির প্রেক্ষিতে ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ইনকিলাব মঞ্চ আরো জানিয়েছে, ওসমান হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। তাই সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং তার জন্য দোয়া চাওয়ার অনুরোধ করা হয়েছে।