মেঘনা নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব বাজার টিনপট্টি এলাকার বাঁশ বাজার সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টায় মরদেহটি উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয়রা নদীর পাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ভৈরব থানা পুলিশ ও নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে উভয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমানা নির্ধারণ করে এবং অবশেষে নৌ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।

ভৈরব নৌ পুলিশের ফাঁড়ি অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল করার নির্দেশ দেন। লাশের সঙ্গে পাওয়া চিরকুটে নাম ‘আজমত’ উল্লেখ থাকায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক সুরতহালের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত ছিলেন। গত রাতের কোনো এক সময়ে নদীর উপরের পাড় থেকে নিচের ঢালাইর ব্লকের উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং মৃত্যু হয়।

এখনো নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি। ধারণা করা হচ্ছে, তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা এলাকায় হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।