ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের জন্য সেলেসাওর দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইতালিয়ান এই কোচ বলেন, এখনো টুর্নামেন্ট শুরু হতে কয়েক মাস বাকি থাকলেও স্কোয়াড কার্যত নির্ধারিত। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার নির্দিষ্ট তারিখ জানানো না হলেও ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগে, অর্থাৎ মে মাসেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আনচেলত্তি নিশ্চিত করেছেন, চোট না পেলে দলে বিশ্বকাপ দলে জায়গা পাকা হয়ে গেছে ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়াল মাদ্রিদের এই তারকা বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম ভরসা। পাশাপাশি তরুণ প্রতিভা এস্তেভাও নিশ্চিতভাবে দলে থাকছেন। অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়েই দীর্ঘমেয়াদি বিশ্বকাপ অভিযানের পরিকল্পনা করছেন আনচেলত্তি। একইসঙ্গে খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও ওয়ার্কলোড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে টেকনিক্যাল ও মেডিকেল টিম।
ড্র অনুযায়ী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। একই গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও কনকাকাফ অঞ্চলের প্রতিনিধি হাইতি। ভিন্ন ঘরানার এই প্রতিপক্ষদের জন্য আলাদা কৌশল নিয়ে প্রস্তুতি নিতে হবে সেলেসাওদের। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ফ্রান্স। ম্যাচগুলোর সম্ভাব্য ভেন্যু হিসেবে অরল্যান্ডো ও বোস্টনের নাম শোনা যাচ্ছে।
এছাড়া উত্তর আমেরিকায় রওনা দেওয়ার আগে ব্রাজিলে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে আনচেলত্তির। সব প্রস্তুতি ও পরিকল্পনার ভিত্তিতে ব্রাজিলের এই প্রধান কোচ স্পষ্ট করে দিয়েছেন যে, ধারাবাহিকতা ও স্থিতিশীলতাই ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের মূল ভিত্তি। তবে নেইমারের বিশ্বকাপ দলে থাকা নিয়ে সরাসরি কিছুই বলেননি আনচেলত্তি। স্থানীয় গণমাধ্যমের ধারণা, নেইমারের সম্ভবত বিশ্বকাপ খেলা হবে না।