লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন এর বসতবাড়িতে গতকাল শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নৃশংস অগ্নিসংযোগে তার ৮ বছর বয়সের শিশু কন্যা মোসা. আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
এছাড়া বেলাল হোসেন সহ তার অন্য দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছে। ইতোমধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের পিতা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্বৃত্তদের কর্তৃক সংঘটিত এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্বৃত্তদের কর্তৃক অগ্নিসন্ত্রাসে শিশু মোসা. আয়শা আক্তারের অকাল মৃত্যু এবং অপর দুইবোন সহ বেলাল হোসেনের গুরুতর আহত হওয়ার নির্মম ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতারই বহি:প্রকাশ। এ ধরণের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।’
বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। দুর্বৃত্তদের লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু মোসা. আয়শা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
বিএনপি মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।