ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয় জনের মধ্যে পাঁচ জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের।
এদিকে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ দেশ রূপান্তরকে জানান, নিহতরা হলেন জাতীয় দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, স্বর্ণশীষ দত্ত, মোঃ আকরাম আলী, আফসানা সিম্মিন ও ঢাকার আমিনবাজারের আহমেদ বাবু। এরা প্রত্যেকেই চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের সঙ্গে উপ-হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। অন্য নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে, অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিকদের সার্বক্ষণিক সহযোগিতা দিতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ উপ-হাইকমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।
নিহত ও আহত নাগরিকদের বিষয়ে সহায়তা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন। পরিবারের তথ্য ও সহায়তা দেওয়ার বিষয়েও তারা কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
‘মনে হয়েছিল মরেই যাব, শ্বাস নিতে পারছিলাম না!’