চট্টগ্রাম থেকে লুট হওয়া পিস্তল লক্ষ্মীপুর থেকে উদ্ধার, আটক ১

চট্টগ্রামের একটি থানা থেকে লুট হওয়া বিদেশি ‘তরাশ’ পিস্তল ও ম্যাগজিন লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে  নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-পশ্চিম)। এ ঘটনায় সুমন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) এই বিষয়ে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-পশ্চিম) পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ১৮ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে চট্টগ্রাম নগরের একটি থানা থেকে লুট করা বিদেশি একটি পিস্তল ও ম্যাগাজিন আছে বলে স্বীকার করেন। ১৯ ডিসেম্বর তাকে (সুমন) সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরের নিজ গ্রামের বাড়ি গিয়ে বাড়ির মাটির নিচ থেকে  ৯ এমএম ‘তরাশ’ বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।