নরসিংদীতে ড্রামট্রাক চাপায় মো. রুস্তম আলী নামে ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুস্তম আলী (৪০) পলাশ উপজেলার গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) শাহীন সরকার জানান, দুপুরে ভ্যানগাড়ি চালক মো. রুস্তম আলী পাঁচদোনার আড়ৎ থেকে ডিমবোঝাই করে ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে আঞ্চলিক সড়কের সাকুরার মোড়ে পৌঁছার পর সামনে থেকে আসা দ্রুত গতির একটি ড্রামট্রাকে তার ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক রুস্তম আলী নিহত হন। এছাড়া ডিমবাহী ভ্যানগাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা মাধবদী থানায় খবর পাঠালে উপপরিদর্শক শাহীন সরকার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।