যুক্তরাষ্ট্রের প্রশাসন গাজার উপত্যকা পুনর্নির্মাণের জন্য ১১২.১ বিলিয়ন ডলারের একটি প্রাথমিক পরিকল্পনার খসড়া তৈরি করেছে। প্রকল্পটি, ‘প্রজেক্ট সানরাইজ’ নামে পরিচিত, মূলত গাজার ধ্বংসস্তূপকে পর্যটন সম্ভাবনাময় উপকূলীয় শহরে রূপান্তরের জন্য ডিজাইন করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার নকশা তৈরি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।
প্রকল্প বাস্তবায়নে দশ বছরের মধ্যে ১১২ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। যার মধ্যে প্রায় ৬০ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র সরাসরি অনুদান ও ঋণ সহায়তার মাধ্যমে প্রদান করতে প্রস্তুত।
প্রতিবেদন জানিয়েছে, পরিকল্পনার খসড়ায় এখনও নির্দিষ্ট করা হয়নি কোন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো প্রকল্পে অংশগ্রহণ করবে এবং ২০ লাখ ফিলিস্তিনির ভবিষ্যত কি হবে। তবে ধারণা করা হচ্ছে, পরবর্তী সময়ে গাজার কর্তৃপক্ষ স্ব-অর্থায়নের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অংশ পরিচালনা করতে পারবে এবং ঋণ পরিশোধ করতে সক্ষম হবে।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সম্ভাব্য দাতা দেশগুলোর সঙ্গে- যেমন ধনী আরব রাষ্ট্র, তুরস্ক ও মিশর-পরিকল্পনার নথি শেয়ার করেছে। গত ৪৫ দিনে কুশনার, উইটকফ, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা জশ গ্রুয়েনবাউম এবং অন্যান্য কর্মকর্তারা এই খসড়া প্রস্তুত করেছেন এবং ইসরায়েলি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধিদের মতামতও গ্রহণ করেছেন।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাজার পুনর্নির্মাণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে, তবে স্থানীয় জনগণের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।