শরিফ ওসমান হাদিকে চিরবিদায় জানাবার দিনে লাখো মানুষের সমাগম হয়েছে সংসদ ভবন প্রাঙ্গণে। তাদের একজন হওয়ার ইচ্ছে হয়তো ছিল ক্রীড়াঙ্গনের অনেকেরই। কিন্তু বাস্তবতার নিরিখে অনেকেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কেউ তাকে শেষ বিদায় জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও মৃত্যুঞ্জয়ী হাদি ঠাঁই করে নিয়েছেন জার্সিতে।
শনিবার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ ফ্র্যাঞ্চাইজির মধ্যে রাজশাহীই মাঠে নেমেছে সবার আগে। বাকিদের কারও দল গোছানো চলছে, কারও কেবল প্রচারণার শুরু। হান্নান সরকারের নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স শুরু করে দিয়েছে অনুশীলন। তবে আদৌ বিপিএল মাঠে গড়াবে কি না, তা নিয়ে খোদ বিসিবি পরিচালকদের মধ্যেই সৃষ্টি হয়েছে দ্বিধা। এরই মধ্যে স্থগিত করা হয়েছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বিদেশি ক্রিকেটারদের এনে বিপিএলের খেলা নিরাপদে চালানোর মতো লোকবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবে কি না, তা নিয়েই সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। তবে অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে রাজশাহীর কোচ হান্নান আশ্বস্ত করেছেন যে, খেলোয়াড়দের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাই রাখা হয়েছে, ‘সত্যি কথা বলতে, দেশের এই পরিস্থিতিতে আমরা শঙ্কিত। নিরাপত্তার যে ব্যাপারটা, নিশ্চিত ভাবেই বোর্ড (বিসিবি) সেটা দেখছে। দল হিসেবে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করে যাচ্ছি। এক্ষেত্রে নিরাপত্তার ব্যপারটা নিশ্চিত করতে হবে সবার আগে, প্রায়োরিটিতে সবার ওপরে। ক্রিকেট বোর্ড যদি কোনো রকম গাইডলাইন দিয়ে থাকে নিশ্চিতভাবেই আমরা সেটা অনুসরণ করব তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করছি নিরাপত্তার ব্যাপারটা আমাদের দিক থেকে যতটা সম্ভব নিজেরা নিজেরা নিরাপত্তা নিশ্চিত করে আমরা এগিয়ে যাচ্ছি।’
ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী ওয়ারিয়র্স দলের জার্সিটি তার প্রতি উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন কোচ হান্নান, ‘রাজশাহী ওয়ারিয়র্স তাদের এবারের অফিশিয়াল ম্যাচ জার্সিটি শহীদ শরিফ ওসমান হাদিকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে ।দেশের বর্তমান পরিস্থিতি এবং হাদির প্রতি সম্মান জানিয়ে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। একটি ছোট আনুষ্ঠানিকতার মাধ্যমে জার্সিটি উন্মোচন করা হবে।’
জাতীয় দলের কৃতী ব্যাটসম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাওহীদ হৃদয় তার ফেসবুকে লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সঙ্গে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’
বিপিএলের খেলোয়াড় নিলামের পর পাকিস্তান ও শ্রীলঙ্কা একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হওয়ায় এই দুই দেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সের পরিকল্পনাতেও এসেছে বদল, জানালেন হান্নান, ‘মোহাম্মদ নেওয়াজ ও সাহিবজাদা ফারহানের জন্য পুরো মৌসুমের অনাপত্তিপত্র থাকলেও জাতীয় দলে ডাক পেলে তাদের ফিরে যেতে হতে পারে। শ্রীলঙ্কার খেলোয়াড়দের ক্ষেত্রে হেমন্তের (দুশ্মন্ত) আমাদের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা কম মনে হচ্ছে। হেমন্থকে হয়তো আমরা পাব না, আপনারা দেখেছেন তারপরেই আমরা লামিচানে (সন্দ্বীপ)-কে দলে অন্তর্ভুক্ত করেছি। সুতরাং কিছু ব্যাপার আছে ওসব ভেতরের ব্যাপার। কিন্তু আমাদের ঐ ব্যাপারগুলো মাথায় রেখেই আমরা পরিকল্পনা করেছি।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৬ ডিসেম্বর থেকে বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। রাজশাহীর আশা শুরু থেকেই তাদের সঙ্গে থাকবেন ৬ বিদেশি, ‘আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আছে। সরাসরি চুক্তিসহ নিলাম থেকে নেওয়া খেলোয়াড়দের নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি তাহলে সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো এবং জাহানদাদ খান। এই ৬ জন খেলোয়াড় প্রথম থেকেই থাকছে’ জানিয়েছেন হান্নান।
নিলামে কোটি টাকায় নাঈম শেখকে কিনেও ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট ও পাকিস্তানের ব্যাটসম্যান কামরান গুলামকে।