দেশের মাঠে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন এজাজ প্যাটেল। ১৬ ওভার বল করে মেডেন না পাওয়া, ৫৭ রান খরচ হলেও উইকেটশূন্য এমন হতাশার মধ্যেই কাটছিল তার ম্যাচ। মনে হচ্ছিল, নিউজিল্যান্ডের মাটিতে আরও একটি টেস্ট শেষ হতে যাচ্ছে শূন্য হাতে। কিন্তু শেষ পর্যন্ত ধরা দিল বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত ক্যারিয়ারে প্রথমবার দেশের মাঠে টেস্ট উইকেটের স্বাদ পেলেন বাঁহাতি এই স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে আসে সেই সাফল্য। নিজের ১৭তম ওভারে আলিক আথানেজকে ৪৫ রানে বোল্ড করে অপেক্ষার ইতি টানেন এজাজ।
এর আগে দেশের মাঠে কোনো উইকেট না নিয়ে বিদেশে সর্বোচ্চ উইকেট নেওয়ার ব্যতিক্রমী রেকর্ড গড়েছিলেন তিনি। গত বছরের ভারত সফর শেষে তার বিদেশের উইকেটসংখ্যা দাঁড়ায় ৮৫। ৩৭ বছর বয়সে এসে অবশেষে নিজের দেশের মাঠেও উইকেটের দেখা পেলেন নিউজিল্যান্ডের এই স্পিনার।
এর আগে রেকর্ডটি ছিল ভারতের জাসপ্রিত বুমরার দখলে। বিদেশে ৭৯ উইকেট নেওয়ার পর দেশে প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন ভারতীয় এই পেসার। তবে দুজনের পরিস্থিতি এক নয়। বুমরাহ টানা ১৭টি টেস্ট খেলেছিলেন বিদেশে, এরপর ২০২১ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে প্রথম সুযোগ পেয়েই উইকেট তুলে নেন।
অন্যদিকে এজাজ প্যাটেল দেশের মাঠে আগেও তিনটি টেস্ট খেলেছেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে অভিষেক টেস্টে এবং ওই সিরিজেই ক্রাইস্টচার্চে পরের ম্যাচে খেললেও উইকেট পাননি। পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়েলিংটনে আরেকটি টেস্ট খেলেও উইকেটশূন্য ছিলেন তিনি।
তবে ওই ম্যাচগুলোতে খুব বেশি বোলিং করার সুযোগও পাননি এজাজ। অভিষেক টেস্টে এক ইনিংসে বল করেছিলেন ২৮ ওভার। বাকি ইনিংসগুলো মিলিয়ে মোট ওভার ছিল মাত্র ২১।
দেশের বাইরে অবশ্য তার ক্যারিয়ার ভিন্ন গল্প বলে। এক ইনিংসে ১০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে আরেকটি টেস্টে নিয়েছেন ১১ উইকেট। তবু দীর্ঘদিন দেশের মাঠে নিয়মিত সুযোগ পাননি এই স্পিনার।
প্রায় ছয় বছর পর আবার দেশের মাটিতে টেস্ট খেলার সুযোগ আসে এজাজের। টানা ৬৫.৩ ওভার উইকেটবিহীন থাকার পর অবশেষে ভাঙে সেই খরা। পরে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইসকেও আউট করে নিজের সংগ্রহে যোগ করেন আরেকটি উইকেট।
এজাজ উইকেট পাওয়ায় তার নাম কেটে গেছে একটি অস্বস্তিকর রেকর্ড থেকে। এখন আবার ফিরে গেছে সেই রেকর্ড ইংল্যান্ডের সাবেক অফস্পিনার বিলি বেটসের দখলে যার বয়স ১৩৮ বছর। ১৮৮২ থেকে ১৮৮৭ সালের মধ্যে ১৫টি টেস্টে তিনি ৫০টি উইকেট নিয়েছিলেন, যার সবকটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে।
বর্তমানে দেশের মাঠে টেস্ট খেলেও কোনো উইকেট না পেয়ে বিদেশে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিংয়ের নামের পাশে। দেশে দুটি টেস্ট খেলেও উইকেট পাননি তিনি, তবে দেশের বাইরে তার ঝুলিতে রয়েছে ৪০টি উইকেট।