মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্রিস্টি নোম জানান, দুটি কারণের ভিত্তিতে ট্যাংকারটি জব্দ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, তেল পরিবহনের আড়ালে এসব ট্যাংকারকে মাদক পাচারের কাজে ব্যবহার করছে ভেনেজুয়েলার সরকার।
এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং তার আড়ালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে। আমরা আপনাদের খুঁজে বের করব এবং থামাব।
এ নিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দের ঘটনা ঘটল। এর আগে চলতি মাসের ১০ ডিসেম্বর প্রথম ট্যাংকারটি আটক করে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন ও সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।