ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম বদলে ‘ফেলানী হল’ রাখার দাবিতে আজ ঘেরাও কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
একই সঙ্গে জুলাই গণহত্যার সমর্থনে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সংগঠনটি।
ডাকসু সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট দাবিগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট অবস্থান জানতে চায় সংগঠনটি।
এর আগে, গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাকসুর ভেরিফায়েড পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল করার পাশাপাশি জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে।
ডাকসু নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে এসব দাবি যৌক্তিক। আজকের কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান।