কল্পনাকেও ছাড়িয়ে! ইলন মাস্কের সম্পদ এখন ৭৪৯ বিলিয়ন ডলার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম

বিশ্বের ধনকুবেরদের তালিকায় নতুন এক নজির স্থাপন করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যক্তির নিট সম্পদ ৭০০ বিলিয়ন ডলারের সীমা ছাড়াল। সর্বশেষ হিসাবে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪৯ বিলিয়ন ডলারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও ফোর্বসের বিলিয়নিয়ার সূচকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার সুপ্রিম কোর্টের এক রায়ের পরই মাস্কের সম্পদে এই বড় উল্লম্ফন ঘটে। আদালত টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল করায় তার সম্পদের সঙ্গে যুক্ত হয় বিপুল অঙ্কের শেয়ার অপশন, যার মূল্য প্রায় ১৩৯ বিলিয়ন ডলার।

২০১৮ সালে করা ওই পারিশ্রমিক প্যাকেজটির মূল্য একসময় ৫৬ বিলিয়ন ডলার হিসেবে বিবেচিত হয়েছিল। তবে নিম্ন আদালত তখন সেটিকে ‘অচিন্তনীয়’ আখ্যা দিয়ে বাতিল করে দেয়। চলতি সপ্তাহে ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত পাল্টে জানায়, ২০২৪ সালের রায়টি ছিল অনুচিত এবং এতে ইলন মাস্কের প্রতি অন্যায় করা হয়েছিল। ফলে বাতিল হওয়া চুক্তিটি আবার কার্যকর হয়।

এর আগেই চলতি সপ্তাহে মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। বিশেষজ্ঞদের মতে, তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে আসতে পারে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে, যা তার মোট সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটি দীর্ঘমেয়াদি পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন করেন, যা করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় বলে বিবেচিত। বিনিয়োগকারীরা টেসলাকে কেবল বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রযুক্তি কোম্পানিতে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতিও সমর্থন জানান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় মাস্কের সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

তবে বছরটির শুরুটা মাস্কের জন্য ছিল বেশ অস্থির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যুক্ত হওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন মতবিরোধের কারণে সেখান থেকে সরে আসার অভিজ্ঞতা তার জীবনে নতুন অধ্যায় যোগ করে। এরপর তিনি আবার টেসলার ব্যবসা ও কৌশলগত উন্নয়নে পুরো মনোযোগ দেন, যা শেষ পর্যন্ত কোম্পানির শেয়ারের ঊর্ধ্বগতিতে সহায়ক হয় এবং তাকে সম্পদের এই ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত