বাংলাদেশ থেকে ক্রিকেটার এবং কোচ চেয়েছিল সৌদি আরব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সৌদি আরবের জন্য খেলোয়াড় ও কোচ সরবরাহ করতে তারা সম্মত নয়। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানান, দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানায়, সম্প্রতি সৌদি আরব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ দেওয়ার অনুরোধ জানায়। তাদের পরিকল্পনা ছিল, প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে এসব খেলোয়াড়কে সৌদি আরবের হয়ে খেলানো। তবে বোর্ড সভাপতি স্পষ্ট করে বলেন, জাতীয় স্বার্থের বিনিময়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
সৌদি আরব বর্তমানে তাদের ‘ভিশন ২০৩০’ -এর আওতায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় পরিসরে বিনিয়োগ করছে। আমিনুল ইসলাম বলেন, প্রায় দুই মাস আগে সৌদি আরব তার সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি তখনই জানিয়ে দেন, বাংলাদেশ থেকে খেলোয়াড় বা কোচ দেওয়া হবে না। তার ভাষায়, নিজের দেশের ক্রিকেটের ক্ষতি করে অন্য দেশের জন্য জনবল সরবরাহ করার প্রশ্নই ওঠে না।
গলফ, মোটর রেসিং ও ফুটবলের পর এবার ক্রিকেটকেও ভবিষ্যতের সম্ভাবনাময় খেলা হিসেবে দেখছে সৌদি আরব। এরই অংশ হিসেবে তারা দীর্ঘমেয়াদে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটারদের নিজেদের কাঠামোতে আনার চেষ্টা করছে—যা অতীতে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রও করেছে। আইসিসি এবং এসিসির কৌশলগত সহায়তায় সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে।