শুবমানকে নিয়ে প্রশ্নের জবাব না দিয়েই দ্রুত সরে পড়লেন গম্ভীর

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গতকাল দল ঘোষণা করেছে ভারত। ঘোষণায় বড় চমক ছিল তরুণ ব্যাটসম্যান শুবমান গিলের দল থেকে বাদ পড়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে মাত্র ৩২ রান করার পর বাদ পড়লেন ভারতের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক। এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দিতেও অপারগতা প্রকাশ করেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

গতকাল স্কোয়াড ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীরকে দিল্লি বিমানবন্দরে দেখা যায়। তাকে ঘিরে ধরে সাংবাদিকরা জানতে চান, শুবমান গিলের বাদ পড়ার কারণ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গম্ভীর। একটি ভিডিওতে দেখা গেছে, গম্ভীর দ্রুত মিডিয়ার পাশ দিয়ে গাড়িতে উঠে চলে যান। যদিও গম্ভীরের প্রিয়পাত্র হওয়ায় শুবমান দুই ফরম্যাটে অধিনায়ক হয়েছেন- এমন অভিযোগ উঠেছিল অতীতে।

শুবমান টেস্ট এবং ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তবে টি-টোয়েন্টিতে পায়ের নিচের মাটি শক্ত করতে পারেননি। বিশেষ করে ওপেনিংয়ে ভারত এখন হাই-ইমপ্যাক্ট স্টার্টকে বেশি গুরুত্ব দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ৪, ০ এবং ২৮ রান করেন। নির্বাচক সভাপতি অজিত আগরকর সাংবাদিকদের বলেন, ‘শুবমান গিল বর্তমানে রান করতে পারছে না এবং সে গত বিশ্বকাপও মিস করেছিল।’

২০২৫ সালে শুবমান ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ২৯১ রান। তার স্ট্রাইক রেট ১৩৭.২৬, যা ভারতের আক্রমণাত্বক ব্যাটিংয়ের সঙ্গে মানানসই নয়। এই মুহূর্তে শুবমান অবশ্য ইনজুরিতে আক্রান্ত। তবে চিকিৎসকদের মতে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে যাবেন। তাই ইনজুরি নয়, বাজে ফর্মই শুবমানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।