পঞ্চরত্ন বাউলের অন্যতম মরমি কবি হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ। ১৮৫৪ সালের এই দিনে (২১ ডিসেম্বর) সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী পরগণার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
এ উপলক্ষে রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বাংলাদেশ সংস্কৃতি ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন।
এ বিষয়ে হাসন রাজার দৌহিত্র জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেওয়ান ইছকন্দর রাজা চৌধুরী সুবক্ত রাজা বলেন, এবার সিলেট, সুনামগঞ্জ ও ঢাকায় একযোগে হাসনরাজার জন্মবার্ষিকী পালন করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
হাসন রাজা ছিলেন একজন জমিদার। পাশাপাশি সুরের সাধকও ছিলেন তিনি। সংগীত সাধনায় নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমন্ডলে দাঁড় করিয়ে গেছেন স্বমহীমায়। ‘আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে’, ‘আমি না লইলাম আল্লাজির নাম রে’, ‘লোকে বলে বলেরে ঘরবাড়ী ভালানা আমার’, ‘আগুন লাগাইয়া দিলও কোনে হাসন রাজার মনে,’‘বাউলা কে বানাইলোরে হাছন রাজারে বাউলা কে বানাইলো’ সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা হাসন রাজা। হাসন রাজার সৃষ্টি গান ও সুর মানুষের মনে গাথা। সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলের গন্ডি পেরিয়ে হাসন রাজা হয়ে উঠেছেন বিশ্বজুড়ে সমগ্র বাঙালির সম্পদ।