রাজবাড়ীতে বাস চাপায় কনিকা (১০) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কনিকার বাবার নাম আব্দুল কাদের মন্ডল মোল্লা। তার বাড়ি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারয়ণপুর গ্রামে। কনিকার বাবা একজন দিনমজুর। দুই বোনের মধ্যে সে ছোট। সে একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, কণিকা দুপুরে পরীক্ষা দিয়ে বাড়িতে আসে। বাড়ির সামনে মহাসড়ক পার হলেই একটি ইট ভাটা। সেখানে একটি দোকান রয়েছে। বাবার পকেট থেকে পাঁচ টাকা নিয়ে সেই দোকানে বিস্কুট আনতে গিয়েছিল। বিস্কুট নিয়ে আসার সময় রাস্তা পার হতে গেলে কুষ্টিয়াগামী এসবি পরিবহনে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।