রাবিতে নিরাপত্তা চেয়ে উপাচার্যের সঙ্গে বিএনপিপন্থী শিক্ষকদের বৈঠক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মব সৃষ্টি করে শিক্ষক অবমাননা ও হেনস্থার অভিযোগ করে শিক্ষকদের নিরাপত্তা চেয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন বিএনপিপন্থি তিন শিক্ষক সংগঠন। এ ছাড়াও সভায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সময়ে শিক্ষক নিয়োগ বন্ধ রাখার দাবি জানানো হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের সভা কক্ষে  এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমরা ৫ আগস্টের পর থেকে দেখছি একটা নির্দিষ্ট গোষ্ঠী ও ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্চিত করছেন। তারা কার্যালয়ে তালা দিচ্ছে, অফিস তদন্ত করতেছে, এটা কোনো ছাত্রের দায়িত্ব না। এই কাজগুলো করা হচ্ছে রাকসুর নাম করে, যেখানে রাকসু সভাপতি উপাচার্য নিজে। রাকসুর সিদ্ধান্ত ছাড়াই তারা রাকসুর পরিচয় ব্যবহার করছেন।

তিনি বলেন, ডিনরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী একাডেমিক লিডার। তাদের বাঁশে ঝুলানো, কলার ধরে টেনে আনা ইত্যাদি বক্তব্যসহ এ ধরণের সকল ঘটনার প্রতিবাদ জানিয়ে এসেছি এবং সমাধান চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের চলার জন্য নিয়ম-কানুন আছে। আ সে নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলবে।

তবে উপাচার্যের কার্যক্রমে ক্ষোভ জানিয়ে এই অধ্যাপক বলেন, উপাচার্য আজকে আমাদের দাবিকে সমর্থন করেছেন। উনিই সবসময়ই সেটি করেন। তবে উনি কোনো কাজ করেন না।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম, ইউট্যাব সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।