নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে তহবিল পাওয়া সাপেক্ষে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নেপালি শিক্ষার্থীরা এ প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে নেপালি শিক্ষার্থীরা বলেন, ‘দুর্যোগে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনাতেও পড়তে পারে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একটি বিশেষ বৃত্তি সহায়ক ভূমিকা রাখতে পারে।’
এসময় তারা রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দেন। তাদের মতে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের এমন একটি উদ্যোগ মানবিক সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।
নেপালের ঘটনায় শোক ও সমবেদনা এবং নেপালি শিক্ষার্থীদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে তহবিল পাওয়া গেলে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান, শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক মো. আবু বকর প্রাং প্রমুখ।