'ক্রিসমাস কেক খাও সমস্যা নাই, কিন্তু ওজন বাড়লে দল থেকে বাদ', হুশিয়ারি গার্দিওলার

ক্রিসমাস মানেই ভুরি ভোজ, কেক-পাই আর পারিবারিক আনন্দ। কিন্তু ম্যানচেস্টার সিটির ফুটবলারদের জন্য উৎসবের আনন্দে লাগাম টেনে ধরেছেন পেপ গার্দিওলা। তাঁর সোজাসাপ্টা হুঁশিয়ারি—ক্রিসমাসে বেশি খেয়ে ওজন বাড়লে একাদশ নয়, গন্তব্য হবে বেঞ্চ, কিংবা তারও খারাপ কিছু।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে শনিবার ৩–০ গোলের আরামদায়ক জয়ের পরও পেপের কপালে ভাঁজ। লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বজায় রাখলেও নিজের খেলোয়াড়দের নিয়ে ছাড় দিতে রাজি নন এই স্প্যানিশ কোচ।

ক্রিসমাসের ছোট্ট ছুটি শেষে ২৫ ডিসেম্বর খেলোয়াড়রা যখন ক্লাবে ফিরবেন, তখনই হবে আসল পরীক্ষা। পেপ জানালেন, সেদিন সবাইকে ওজন মেশিনে উঠতেই হবে—আর সেই দায়িত্বে থাকবেন তিনি নিজেই।

হাসতে হাসতেই পেপ বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট ওজন আছে। ২৫ তারিখ তারা ফিরবে, আর আমি নিজেই দেখব কত কেজি বেড়েছে। দেখি তো, কে কে ‘ফ্যাটি’ হয়ে এসেছে!” তার কথায়, “তিন দিনের ছুটি—খেতে পারে, সমস্যা নেই। কিন্তু কতটা খাচ্ছে, সেটার নিয়ন্ত্রণ তো আমার হাতেই থাকতে হবে।”

আর যদি কেউ ছুটি শেষে তিন কেজি বাড়তি ওজন নিয়ে হাজির হন? পেপের জবাব আরও কঠোর— “ধরুন একজন খেলোয়াড় একদম ফিট ছিল, কিন্তু ফিরে এসে তিন কেজি বেশি নিয়ে এলো। সে ম্যানচেস্টারেই থাকবে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে না।”

২৭ ডিসেম্বর ফরেস্টের বিপক্ষে লিগ ম্যাচের আগে তাই সিটির ড্রেসিংরুমে এখন একটাই ভয়—ওজন মেশিন।

তবে খেলোয়াড়দের একটু ছাড়ও দিতে চান পেপ। টানা ব্যস্ত সূচির মাঝে মানসিকভাবে ফ্রেশ হওয়াটাকেও জরুরি মনে করেন তিনি। নিজেও কয়েক দিনের জন্য বার্সেলোনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কোচ।

পেপ বলেন, “সূচি এতটাই ঠাসা যে খেলোয়াড়দের মাঝেমধ্যে ফুটবল ভুলে থাকতে হয়। পরিবার নিয়ে সময় কাটানো দরকার। ম্যাচের দিন তারা যদি ঠিকঠাক অবস্থায় ফেরে, তাহলে পায়ে ফ্রেশনেস থাকবে।”

আর যোগ করলেন মজার সুরে, “প্রতিদিন কোচকে দেখা—এটাও তো খুব কষ্টের!”

তবে পেপ যে কতটা খুঁতখুঁতে, তার প্রমাণ মিলেছে আগেই। ওয়েস্ট হ্যামের বিপক্ষে টানা পঞ্চম লিগ জয়ের পরও খেলোয়াড়দের এক দিনের ছুটি দেননি তিনি।

নিজেই জানালেন, “ওরা আমার কাছে ছুটি চেয়েছিল। আমি বলেছি, ‘না—কারণ তোমরা যথেষ্ট ভালো খেলোনি।’” ফলে রবিবার রিকভারি সেশন, যারা খেলেনি তাদের আলাদা অনুশীলন, এরপর তিন দিনের ছুটি। ফিরে এসে মাত্র দুই দিনের প্রস্তুতিতে নামতে হবে ফরেস্ট ম্যাচে।

বড়দিনের ছুটিতে যাওয়ার আগে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শীর্ষের আর্সেনালের চেয়ে দুপয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে।