বার্সেলোনার কিশোর বিস্ময় লামিনে ইয়ামালকে ঘিরে মাঠের বাইরের আলোচনার শেষ নেই। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন আতলেতিকো মাদ্রিদের সাবেক ফুটবলার পাওলো ফুত্রে। তাঁর দাবি, বিশ্বসেরা হতে এবং একদিন ব্যালন ডি’অর জিততে হলে ইয়ামালের দ্রুত নতুন প্রেমিকা দরকার।
সম্প্রতি স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোতে হাজির হয়ে ৫৯ বছর বয়সী পর্তুগিজ সাবেক ফুটবলার বলেন, “লামিন ইয়ামাল একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে। কিন্তু তার জন্য তাকে দ্রুত—খুব দ্রুত—একজন প্রেমিকা জুটাতে হবে।”
ফুত্রের এমন মন্তব্যে অনুষ্ঠানের উপস্থাপক হোসেপ পেদ্রেরোল বিস্ময় প্রকাশ করলেও সাবেক এই ফুটবলার নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি আবারও বলেন, “লামিন এখনও তরুণ—মাত্র ১৮ বছর বয়স। এই বয়সে একজন সঙ্গী থাকা খুবই গুরুত্বপূর্ণ।”
ফুত্রে মনে করেন, ব্যক্তিগত জীবনের স্থিতিশীলতা একজন তরুণ ফুটবলারের পেশাদার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, “যখন আমি আমার সন্তানদের মায়ের সঙ্গে পরিচিত হই, তখন শতভাগ পেশাদার হয়ে উঠি। বাইরে ঘোরাঘুরি কমে যায়, দায়িত্ববোধ বাড়ে, আর সেটার প্রভাব সরাসরি মাঠে দেখা যায়।”
তবে ফুত্রের এই ‘পরামর্শ’ নিয়ে ফুটবলপ্রেমীদের একাংশ একমত নন। অনেকের মতে, একজন ফুটবলারের সাফল্য নির্ভর করে তার প্রতিভা, পরিশ্রম ও মানসিক দৃঢ়তার ওপর—ব্যক্তিগত সম্পর্কের ওপর নয়।
য়ামালের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই সংবাদমাধ্যমের নজরে। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকেই তাঁকে ঘিরে নানা আলোচনা চলছে। সম্প্রতি আর্জেন্টাইন পপ তারকা নিকি নিকোলের সঙ্গে তাঁর স্বল্পমেয়াদি সম্পর্ক বেশ আলোচিত হয়। জানা যায়, জুলাইয়ে ইয়ামালের ১৮তম জন্মদিন উদ্যাপনের সময় থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। নিকি নিকোল তখন স্পেনে এসে তাঁর সঙ্গে সময় কাটান এবং একাধিকবার বার্সেলোনার স্টেডিয়ামেও উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে নিকি নিকোল প্রকাশ্যেই বলেছিলেন, “আমি খুব প্রেমে আছি, খুব খুশি। সে আমাকে কাতালান ভাষায় ‘তেস্তিমো’—মানে ‘আমি তোমাকে ভালোবাসি’—বলতে শিখিয়েছে।”
তবে অক্টোবরে হঠাৎ করেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। কিছু গণমাধ্যমে দাবি করা হয়, ইয়ামাল নাকি ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আন্না গেগনোসোর সঙ্গে গোপনে দেখা করেছিলেন। যদিও পরে ইয়ামাল নিজেই এসব গুঞ্জন নাকচ করে দেন। স্প্যানিশ অনুষ্ঠানে ডি কোরাসোন-এ তিনি বলেন, “আমরা আর একসঙ্গে নেই, কিন্তু এর পেছনে কোনো বিশ্বাসঘাতকতা নেই। আমরা স্বাভাবিকভাবেই আলাদা হয়ে গেছি। যা কিছু বলা হচ্ছে, তার সঙ্গে আমাদের সম্পর্কের কোনো যোগ নেই।”
এখন দেখার বিষয়, পাওলো ফুত্রের এই ব্যতিক্রমী পরামর্শকে ইয়ামাল আদৌ গুরুত্ব দেন কি না—নাকি মাঠের পারফরম্যান্স দিয়েই তিনি নিজের উত্তর দেবেন।
ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে ‘ধুরন্ধর’ নাচে মাতল পাকিস্তানি যুবারা
জাহানারার যৌন হয়রানি অভিযোগের তদন্ত রিপোর্ট জমা এ বছর নয়