ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৬০) হত্যাকাণ্ডের প্রধান আসামি জহুরুল মোল্লা (৫২) কে গ্রেপ্তার করেছে র‍‍্যাব।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍‍্যাব হত্যাকাণ্ডের মূল হোতা জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করে।

র‍‍্যাব সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লাপাড়া এলাকায় জমির মাটি কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিএনপি নেতা বীরু মোল্লাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজিব আহম্মেদ (৩১) বাদী হয়ে চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍‍্যাব আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদের নেতৃত্বে র‍‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার,র‍‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মমিনুর রহমানের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‍‍্যাব সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, র‍‍্যাবের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আসামি থানায় হস্তান্তর হলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গ্রেপ্তার জহুরুল মোল্লা অতীতে ঈশ্বরদী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়দের মতে, বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।