সিলেটে ট্রাফিক পুলিশের টিএসআই নবী উদ্দিনের কলেজপড়ুয়া মেয়ে তাহমিনা আক্তার জেরিনের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর বাদামবাগিচা ইলাশকান্দি এলাকার বাসা থেকে জেরিনের লাশ উদ্ধার করে পুলিশ। জেরিন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানান, ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেরিন আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সৌমেন মৈত্র বলেন, ‘পড়াশোনার চাপ ও পরিবারের সঙ্গে মনমালিন্যের জেরে জেরিন আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অধিকতর তদন্তে এ বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে।’
জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ থানার সাচনা গ্রামে।