পাকিস্তানের কাছে লজ্জার হারের ব্যাখ্যা চাইবে বিসিসিআই

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারের পর ভারতের পারফরম্যান্স পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বোর্ডের শীর্ষ পরিষদের অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। দল পরিচালনা পর্ষদের কাছ থেকে হারের ব্যাখ্যাও চাওয়া হতে পারে বলে জানা গেছে।

ক্রিকবাজ জানিয়েছে, টিম ম্যানেজার শালিল দাতারের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হবে। তবে শুধু এটুকুতেই থামছে না বোর্ড। সূত্রের খবর, প্রধান কোচ হৃষিকেশ কানিতকর ও অধিনায়ক আয়ুষ মাহাট্রের সঙ্গেও আলাদা করে আলোচনা করতে চায় বিসিসিআই, যা সাধারণ পর্যালোচনার চেয়ে কিছুটা ভিন্ন ও কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ফাইনাল ম্যাচ চলাকালে কিছু খেলোয়াড়ের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। মাঠের খেলায় পাকিস্তানের পেসার আলী রাজার সঙ্গে বৈভব সূর্যবংশী ও অধিনায়ক আয়ুষ মাথরের বাগ্‌বিতণ্ডার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। যদিও এই বিষয়টি পর্যালোচনার আওতায় আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এদিকে পাকিস্তান দলের মেন্টর সরফরাজ আহমেদের মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে ক্রিকেট মহলে।

আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই টুর্নামেন্টের আগে যেন কোনো দুর্বলতা রয়ে না যায়, সেজন্যই আগেভাগে বিষয়গুলো চিহ্নিত করে সমাধানে যেতে চায় বিসিসিআই। দলের সাপোর্ট স্টাফের এক সদস্য জানিয়েছেন, ফাইনালে ব্যাটিং ব্যর্থতাই ভারতের হারের মূল কারণ। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪৮ রান তাড়া করতে গিয়ে দল গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে।