মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আড়াইহাজারের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া নামের নারায়ণগঞ্জের এক যুবক নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ) স্থানীয় সময় সকাল ৮টার দিকে পেনাং রাজ্যের সুঙ্গাই জাভি শহরে এদুর্ঘটনা ঘটে।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আড়াইহাজার শাখার ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাসেল মিয়া (৩৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও চরপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

নিহতের খালোত ভাই জাকির হোসেন জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়া যান রাসেল মিয়া। সর্বশেষ গত সেপ্টেম্বরে  ছুটিতে দেশে আসেন। ছুটি কাটিয়ে গত নভেম্বরে মালয়েশিয়া ফিরে যান। পাঁচ ভাইয়ের মধ্যে রাসেল চার নম্বরে। তিনি মালেয়শিয়ার পেনাং রাজ্যের সুঙ্গাই জাভি শহরের একটি কোম্পনিতে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত সোমবার সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হন। সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীতদিক থেকে আসা একটি মালবাহী লড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুঙ্গাই জাভি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।