রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিল এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত হাবিব শেখ বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ সকালে স্থানীয় টোকন শেখ জমিতে কাজের জন্য হাবিব শেখকে ডেকে নিয়ে যায়। হাবিব সেখানে কাজে গেলে টোকনের প্রতিপক্ষ জামালের দ্বন্দ্ব শুরু হয়। তর্কের একপর্যায়ে আঘাতপ্রাপ্ত হয় হাবিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, মারামারির ঘটনায় শরিফুল শেখ ও টোকন শেখ দুই ভাই হাবিব শেখকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে
ব্যবস্থা গ্রহণ করা হবে।