সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সিজেডএম (সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক।
আরও উপস্থিত ছিলেন জীবিকা উন্নয়ন কেন্দ্র শাহজাদপুর উপজেলা শাখার একাউন্টস অ্যান্ড এডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ কৈজুরি শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে উপস্থিত হতদরিদ্র নারী ও পুরুষরা জানান, প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে তারা অত্যন্ত উপকৃত ও আনন্দিত হয়েছেন। এ সময় তারা শীতবস্ত্র বিতরণকারী প্রতিষ্ঠান সিজেডএম ও সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।