বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র ও জনজীবন নিয়ে সাধারণ মানুষের ভাবনা, প্রত্যাশা ও চাহিদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে জনমত সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘কেমন বাংলাদেশ চাই— তারেক রহমানকে লিখুন’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থান চাষাড়া শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা লিখিতভাবে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে নিজেদের মতামত, মন্তব্য ও প্রত্যাশা তুলে ধরেন।
মতামতগুলোতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জোর দাবি উঠে আসে। পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা ও সুশাসনের প্রয়োজনীয়তার কথাও জনমতে উঠে আসে।
এছাড়া বিগত ফ্যাসিবাদী শাসনামলের নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মতামতগুলোতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানসম্মত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করা, গ্রাম ও শহরের বৈষম্য কমানো, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং তরুণ-যুবকদের জন্য কর্মমুখর ভবিষ্যৎ ও সুযোগের সাম্য গড়ে তোলার প্রত্যাশাও প্রতিফলিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে সংগৃহীত সকল মতামত সংকলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।