গাজীপুরের শ্রীপুরে অগ্নিকা-ে পোশাকশ্রমিকদের ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা সব জিনিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ওই বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির ৩০টি কক্ষের মধ্যে ১১টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই সব পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আতর আলী জানান, খবর পাওয়ার অনেকক্ষণ পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। সকালে রাস্তা ফাঁকা থাকলেও তারা আসতে গড়িমসি করেছে। ফলে ক্ষতিটা অনেক বেশি হয়েছে।
বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আমার বাড়ির ৩০টি ভাড়া ঘরের মধ্যে ১১টি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমাদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’