এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে সন্তোষজনক নয়। এমন চলমান থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক বা উৎসবমুখর না হয়ে বেদনাদায়ক হয়ে যাবে। তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন আর এমন ঘটনার শিকার না হন, সেই বিষয়ে সরকারকে সচেষ্ট হতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা কেবলই ফাঁকা বুলি বলেই মনে হচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ভোটাররা অন্ধ নন, তারা নাগরিক অধিকারের নিশ্চয়তা পেলেই ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ধারার সূচনার লক্ষ্যে তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেই নতুন ধারা সুগম করতে ফেনীর ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এই অবস্থা চলতে থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে উঠবে।
এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক আহছান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্যসচিব ফজলুল হক, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঞ্জু বলেন, আমার ফেনীর জনগণ বিচার করবে ৫৪ বছর ধরে দেশে যে ভুল রাজনীতি চলছে তার বাইরে গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি তা কি ভুল? তার কি আসলেই খাওয়া নাই? নতুন রাজনীতি মানুষ চায় কিনা, নতুন রাজনীতির পক্ষে কয়টা ভোট আছে তার ফায়সালা করবে ফেনী-২ এর জনগণ। ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা যে রায় দেবেন তা আমি মাথা পেতে নেবো।
তিনি বলেন, ফেনীর উন্নয়নের জন্য কারও ওয়াদার দরকার নাই। ফেনীতে যদি সন্ত্রাস না হয়, চাঁদাবাজি না হয়, রাজনৈতিক দলের কেউ কারও দোকান-বাড়ি-জায়গা ইত্যাদি দখল না করে, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়, এক দলের উপর আরেক দল হামলা না করে তাহলেই আলহামদুলিল্লাহ আর কিছুর দরকার নাই। ফেনী হবে বাংলাদেশের সবচাইতে বেশী উন্নত, সুন্দর, শান্তিপূর্ণ ও স্মার্ট জেলা ও শহর। তিনি ফেনীকে সকল ধরনের দূষণমুক্ত রাখার জন্য রাজনৈতিক ঐক্যের উপর গুরুত্বারোপ করেন।