প্রকাশ্য রাস্তায় ডাকেটের মাতলামি; ভিডিও ফাঁসের পর তদন্তে ইসিবি

দুই ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ খুঁইয়ে এমনিতেই বিপদে আছে ইংল্যান্ড। বেন স্টোকসদের ধুয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়া। এর মাঝেই মাতলামি করে নতুন বিতর্কের জন্ম দিলেন বেন ডাকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ইংল্যান্ডের ওপেনারকে মাতালামি করতে দেখা গেছে! ঘটনার পরপরই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে ‘তথ্য যাচাই করছে’।

ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার নুসা এলাকায় এক ভক্ত ও দুই নারীর সঙ্গে কথা বলছেন ডাকেট। ওই ভক্ত নিজেকে ‘স্যাম’ বলে পরিচয় দেন এবং ডাকেটকে উবার ডাকার প্রস্তাব দেন। একজন নারী জানতে চান, ডাকেট কি জানেন কীভাবে বাড়ি ফিরবেন? জবাবে ডাকেট বলেন, ‘না।’ এ সময় স্যাম মজা করে অ্যাশেজ হার নিয়ে খোঁচা মেরে বলেন, ‘ভাই, তোমার যাওয়ার জন্য উবার ডেকে দেই? সেটাই বোধহয় ভালো হবে… আমরা তো ২-০ তে পিছিয়ে আছি।’

এর উত্তরে ডাকেট টলতে টলতে বলেন, ‘দেখো, আসলে ব্যাপারটা হলো… ও একটা বদমাশ।’ একপর্যায়ে ডাকেটকে প্রশ্ন করা হয়, ‘তুমি কে?’ উত্তরে তিনি বলেন, ‘কে জানে!’ এই ভিডিও সামনে আসে এমন এক সময়ে, যখন ইংল্যান্ড দলের নুসা সফর নিয়েই তীব্র সমালোচনা চলছিল। ব্রিসবেনে প্রথম দুই টেস্ট হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর চার দিনের বিরতিতে দলটি নুসায় যায়। পরে অ্যাডিলেডে তৃতীয় টেস্ট হেরে অ্যাশেজ খোয়াতে হয়।

ডাকেটের ভিডিও প্রকাশ্যে আসার পর ইসিবির এক মুখপাত্র বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কনটেন্ট ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে আমরা অবগত। খেলোয়াড়দের থেকে আমরা সঠিক আচরণ প্রত্যাশা করি। একইসঙ্গে আমরা বুঝি যে, তারা সবসময় তীব্র নজরদারির মধ্যে থাকে। আচরণ প্রত্যাশার নিচে নেমে গেলে আমাদের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রয়োজনে খেলোয়াড়দের সহায়তাও করা হয়। তথ্য যাচাই না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে আর মন্তব্য করব না।’

ইংল্যান্ডের ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক রব কি এর আগেই নুসা সফরে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ খতিয়ে দেখার অঙ্গীকার করেছিলেন। তিনি বলেন, ‘অ্যাশেজ সফরে অতিরিক্ত মদ্যপান একেবারেই অগ্রহণযোগ্য। যদি এটা স্ট্যাগ ডু’র মতো কিছু হয়ে থাকে, তবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি যা পড়েছি বা শুনেছি, তাতে মনে হয়েছে তারা ফোন বন্ধ করে সমুদ্রতটে সময় কাটিয়েছে, একসঙ্গে খেয়েছে—এর বেশি কিছু নয়। মাঝেমধ্যে একটি-দুটি পানীয় হলে আমার আপত্তি নেই। কিন্তু যদি সেটার সীমা ছাড়িয়ে যায়, তাহলে সেটা আমার কাছে বড় সমস্যা।’

এই সিরিজে মাঠের পারফরম্যান্সেও ভীষণ হতাশ করেছেন ডাকেট। ওপেনার হিসেবে খেলতে নেমে তিনি মাত্র ১৬.১৬ গড়ে রান করেছেন! সর্বোচ্চ স্কোর ২৯। ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ৪১টি টেস্ট খেলেছেন এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে গত তিন বছর ধরে দলের নিয়মিত সদস্য। অস্ট্রেলিয়ায় মাঠের বাইরেও অতীত বিতর্ক রয়েছে ডাকেটের। ২০১৭–১৮ সফরে পার্থে সতীর্থ জেমস অ্যান্ডারসনের মাথায় পানীয় ঢেলে দেওয়ার ঘটনায় তখন ২৩ বছর বয়সী ডাকেটকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ইসিবি।