আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ–১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আনিসুল হক, সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ–৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাড. নুরুল ইসলামকে এবং সুনামগঞ্জ–৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে কলিম উদ্দিন আহমদ মিলনকে। প্রার্থীদেরকে দেওয়া মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি প্রার্থী ও সমর্থকেরা তাদের নিজেদের সোশ্যাল যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
দলীয় সূত্র জানায়, প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেল।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা আশা প্রকাশ করছেন, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় হলে আসন্ন নির্বাচনে সুনামগঞ্জের আসনগুলোতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।