গাইবান্ধায় দুই ঘণ্টার ব্যবধানে দুই উপজেলায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১টা বিকেল ৩টা পর্যন্ত সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জে মালবাহী ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোগী শেফালী বেগম (৩৬) আর সাঘাটা উপজেলায় অটোভ্যানের ধাক্কায় সাবিনা বেগম (৪২) নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিম তার স্ত্রী শেফালী ও দুই বছরের সন্তানকে নিয়ে উপজেলা শহরে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোর এলাকায় পৌছলে মালবাহী একটি ট্রাক পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে রেজাউল করিম ও তার স্ত্রী শেফালী বেগম সড়কের উপর পড়ে গেলে ওই ট্রাকটি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ দিকে সাঘাটায় মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান যাত্রী সাবিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়। নিহত সাবিনা বেগম উপজেলার চিনিরপটল এলাকার শাহ আলমের স্ত্রী ও আহত মাহমুদুল আশা এনজিও কর্মী।
স্থানীয়রা জানান, ওই সময় সাবিনা বেগম অটোভ্যান যোগে টিসিবির পণ্য নেওয়ার জন্য ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এসময় চিনিরপটল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে সাবিনা বেগমসহ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।