নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে মো. নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়নপত্র বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়। নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক।
আসন্ন জাতীয় নির্বাচনে নজরুল ইসলাম আজাদকে দলীয় মোনানয়ন দেয়ায় উপজেলার প্রতিটি এলাকায় দলীয় নেতা কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুকরিয়া আদায় করে অগণিত কর্মীসমর্থক প্রচারণা চালিয়েছেন। তাদের মতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দল পরীক্ষিত ও নির্যাতিত নেতাকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে সঠিক মূল্যায়ন করেছেন।
মনোনয়ন প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ বলেন, আমাকে মনোনয়ন চূড়ান্ত করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আড়াইহাজারবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষ তাকে ভালোবাসেন এবং তাদের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
দলীয় নেতাদের দাবি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নজরুল ইসলাম আজাদ এই আসনে দলের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় নেতৃত্ব।
এদিকে, মনোনয়ন চূড়ান্ত হওয়ায় নারায়ণগঞ্জ-২ আসনে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।