সূর্যের উত্তাপ কোহলি-রোহিতেও

রেকর্ডের পর রেকর্ড! ভারতের নতুন ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী আরেক রেকর্ড গড়েছেন। গতকাল বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি (৩৬ বলে)’র পর লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের ইনিংস খেলেন (৫৯ বলে ১৫০) তিনি। তার সঙ্গে বিহারের অধিনায়ক সাকিবুল ৩২ বলে করেন অপরাজিত সেঞ্চুরি, যা এই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম আর সব মিলিয়ে তৃতীয় দ্রুততম। দুজনের এই তা-বে ৫৭৪ রান করে বিহার, যা লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

নতুনদের এমন রেকর্ড গড়ার দিনে দুই পোড় খাওয়া ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মা দীর্ঘদিন পর এই আসর খেলতে নেমেই করেছেন সেঞ্চুরি।

জয়পুরে ৭ বছর পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের জার্সিতে ফিরেই আগুন ঝরিয়েছেন রোহিত শর্মা। সিকিমের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় নামা রোহিত মাত্র ৬২ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি (৯৪ বলে ১৫৫), যা লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার দ্রুততম। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৬৩ বলে সেঞ্চুরিই ছিল তার সেরা।

জয়পুরের দর্শকে পরিপূর্ণ সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে এই সেঞ্চুরি রোহিতের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৩৭তম, যার ৩৩টিই আন্তর্জাতিক ক্রিকেটে। মজার ব্যাপার, ১৭ বছর আগে বিজয় হাজারে ট্রফিতে অভিষেকের পর মুম্বাইয়ের হয়ে এটি তার মাত্র দ্বিতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরি। তিনি পৌঁছে গেছেন ১৪ হাজার রানের দোরগোড়ায়।

ওদিকে ১৩১ রানের ইনিংস দিয়ে বিরাট কোহলি পৌঁছে গেছেন ১৬ হাজার রানে। বেঙ্গালুরুতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ২৯৯ রান তাড়া করতে নেমে ১০১ বলে ১৩১ রান করেছেন কোহলি ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায়। ১৬ বছর পর এই টুর্নামেন্টে সেঞ্চুরি করা কোহলি বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে ১৬ হাজার লিস্ট ‘এ’ রান পূর্ণ করেছেন।