যে অভিশাপ নিয়ে বড়দিনের ছুটিতে আর্সেনাল

মঙ্গলবার ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠার আনন্দ নিয়ে বড়দিনের ছুটিতে গেল আর্সেনাল। তার তিনদিন আগে এভারটনকে ১-০ গোলে হারিয়ে ছুটির আগে প্রিমিয়ার লিগ শেষ করে গানার্সরা। এই জয়ে এক ঢিলে দুই পাখি মারল আর্সেনাল। একদিকে এভারটনের মাঠে চার ম্যাচ পর অ্যাওয়ে জয়, অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে বড়দিনে টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত। প্রিমিয়ার লিগ যুগে এই নিয়ে পঞ্চমবার ক্রিসমাসে লিগ শীর্ষে গানাররা। আর এখানেই গল্পে ঢুকে পড়ে ‘বড়দিনের অভিশাপ’।

ইতিহাস বলছে, বড়দিনে শীর্ষে থাকা মানেই ট্রফি নিশ্চিত এমন কোনো নিশ্চয়তা নেই। গত ৩৩ মৌসুমে মাত্র ১৭ বার ক্রিসমাস লিডাররাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। আর্সেনালের জন্য তো এই হিসাব আরও ভয়ংকর। প্রিমিয়ার লিগ যুগে তারা আগে চারবার বড়দিনে শীর্ষে থেকেও কখনো শিরোপা জিততে পারেনি।

বিশেষ করে সাম্প্রতিক স্মৃতি গানার সমর্থকদের ঘুম কেড়ে নেয়। ২০২২-২৩ ও ২০২৩-২৪ দুই মৌসুমেই ক্রিসমাসে টেবিলের মাথায় ছিল আর্সেনাল, কিন্তু শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি। মজার ব্যাপার হলো, গত পাঁচবার যে দল বড়দিনে শীর্ষে থেকেও চ্যাম্পিয়ন হয়নি, সেই পাঁচবারই শিরোপা উঠেছে সিটির হাতে। যেন আর্সেনালের জন্য ‘বড়দিনের অভিশাপ’ আর সিটির জন্য ‘নতুন বছরের জাদু’।

তবু মিকেল আর্তেতা আশাবাদী। স্প্যানিশ কোচের ভাষায়, ‘এই লিগে নিয়মিত ভালো খেলা খুব কঠিন। আমরা সেটা পারছি এটাই আমার আত্মবিশ্বাসের জায়গা।’ কথায় বোঝা যায়, এবার অভিজ্ঞতার ঝুলি একটু ভারী।

পরিসংখ্যানও অবশ্য দুই রকম ইশারা দিচ্ছে। বর্তমানে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। লিড মাত্র দুই পয়েন্ট। সাধারণত ক্রিসমাস লিডারদের গড় লিড থাকে চার পয়েন্টের মতো। গত ১২ মৌসুমে এর চেয়ে কম লিড নিয়ে বড়দিনে শীর্ষে থাকা একমাত্র দল? হ্যাঁ, আবার সেই আর্সেনাল দুই বছর আগে।

ইতিহাসে দুই পয়েন্ট লিড নিয়ে বড়দিনে শীর্ষে থাকা সাত দলের মধ্যে পাঁচ দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে আর সাম্প্রতিক চারটিই শিরোপা জিতেছে। সমস্যা শুধু একটাই এই তালিকায় ব্যতিক্রমের নাম আর্সেনাল! আরও মজার তথ্য আছে। আর্সেনালই একমাত্র ক্লাব, যারা প্রিমিয়ার লিগ জিতেছে কিন্তু কখনো সেই মৌসুমে বড়দিনে শীর্ষে ছিল না। ১৯৯৭-৯৮, ২০০১-০২ আর অবিস্মরণীয় ২০০৩-০৪ তিনবারই তারা ছিল তাড়া করা দল। বিশেষ করে ১৯৯৭-৯৮ মৌসুমে বড়দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্সেনাল এটাই ইতিহাসের সবচেয়ে বড় ‘ক্রিসমাস কামব্যাক’।

সাবেক সিটি ডিফেন্ডার নেদুম ওনুওহা তাই বলছেন, ‘আগের ভুলগুলো থেকে যদি শিক্ষা নেওয়া যায়, তাহলে এবার আর্সেনাল শেষ পর্যন্ত যেতে পারে।’

সব মিলিয়ে বড়দিনে আর্সেনাল আবার শীর্ষে হাতে লিড, মাথায় ইতিহাসের বোঝা, পেছনে সিটির নিঃশ্বাস। এবার প্রশ্ন একটাই : এই বড়দিন কি অভিশাপ ভাঙার দিন হবে, নাকি নতুন বছরের শুরুতেই আবার পুরনো গল্প? গানার ভক্তরা এখন শুধু প্রার্থনায় ‘সান্তা, এবার একটু দয়া করো!’