ব্যাডমিন্টনে বাংলাদেশের দারুণ দিন

বাংলাদেশ ব্যাডমিন্টনের ইতিহাসে স্মরণীয় একটি দিন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরুষ দ্বৈতে চারটি বাংলাদেশি জুটি একসঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে গতকাল প্রি-কোয়ার্টার ফাইনাল পেরিয়ে শেষ আট নিশ্চিত করেন স্বাগতিক দলের চার জুটি। পল্টনের শহীদ তাজউদ্দীন আহমাদ ইনডোর স্টেডিয়ামে আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল, রিয়াদুল ইসলাম-তনয় সাহা, তানভীর আহমেদ-গৌরব সিংহ এবং মো. নাঈম-মিজানুর রহমান নিজ নিজ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। আজ একই ভেন্যুতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন তারা। একটি জুটিও সেমিতে উঠলে বাংলাদেশের জন্য নিশ্চিত হবে অন্তত ব্রোঞ্জ পদক। দিনের ম্যাচে রিয়াদুল-তনয় জুটি ইরানের প্রতিপক্ষকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। তানভীর-গৌরব জুটি জেতে স্বদেশি প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।