কাতার বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনালের রেশ এখনো কাটেনি। সেই ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে তৈরি হওয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতা আবার নতুন করে উসকে দিলেন ফ্রান্স জাতীয় দলের সাবেক ফুটবলার জিব্রিল সিসে। প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি নিজের ক্ষোভ ও শত্রুতার অনুভূতি জানিয়ে তিনি মন্তব্য করেছেন, ‘আমি শুধু তাদের প্রতি ঘৃণাই অনুভব করি।’
ফ্রান্সের হয়ে দুইটি বিশ্বকাপ খেলা এই সাবেক ফরোয়ার্ড কাতার বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তেদের কাছে হারের স্মৃতি টেনে এনে বলেন, সেই পরাজয় শুধু মাঠের ফল নয়, মানসিক দিক থেকেও এখনো প্রভাব ফেলছে। ফরাসি ক্রীড়া মাধ্যম ‘লোইকিপ’-এর এক লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে সাবেক ফুটবলার ও সাংবাদিকদের আলোচনার সময় সিসের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
১৮ ডিসেম্বর ২০২২, লুসাইলে অনুষ্ঠিত সেই মহাকাব্যিক ফাইনালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনায় সিসে স্পষ্টভাবেই নিজের অবস্থান তুলে ধরেন। ৩–৩ সমতায় শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে জিতে নেয় আর্জেন্টিনা। সেই ম্যাচ ও পরবর্তী উদযাপন প্রসঙ্গে সিসে বলেন, ‘এই ছবিগুলো দেখার পর আমি সত্যিই রেগে গিয়েছিলাম। আমি তাদের প্রতি অনেক ঘৃণা অনুভব করি।’
তিনি আরও বলেন, ‘আজকের দিনে স্পষ্টভাবে বলতে গেলে, ওরাই আমাদের সবচেয়ে বড় শত্রু।’ তার মতে, আর্জেন্টিনার সঙ্গে দ্বন্দ্বই এখন ফ্রান্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। সিসে ২০০২ (কোরিয়া-জাপান) ও ২০১০ (দক্ষিণ আফ্রিকা) বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলেছিলেন, যদিও দুইবারই দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। তিনি বলেন, কাতার ফাইনালের পর আর্জেন্টিনা দলের উদযাপনের দৃশ্য তাকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছিল।
চেলসিতে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ঘিরেও মন্তব্য করেন সিসে। আর্জেন্টিনা দলের উদযাপনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বুঝতে পারি না, তার সতীর্থরা কীভাবে তাকে ক্ষমা করে দিয়েছে।’
সিসে আরও জানান, ফরাসি ফুটবল মহলে এখন এক ধরনের প্রতিশোধের মানসিকতা কাজ করছে। তিনি বলেন, ‘মেসির শেষ বিশ্বকাপে তৃতীয় তারকা জেতার কথা তারা ভাবে, আর আমাদের আছে আর্জেন্টিনার সঙ্গে দুই বা তিনটা হিসাব বাকি।’ এমনকি তিনি ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালের দিকেও ইঙ্গিত করেন, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে।
ফ্রান্সের হয়ে ৪১ ম্যাচ খেলে ৯ গোল করা সিসে ক্লাব ক্যারিয়ারে লিভারপুল, অলিম্পিক মার্সেই ও লাজিওর মতো দলে খেলেছেন। ভয়াবহ দুটি পায়ের চোট কাটিয়ে ফিরে আসায় তাকে একসময় ডাকা হতো ‘মিরাকলের মানুষ’। অবসর নেওয়ার পর ফ্যাশন ও সংগীত জগতে যুক্ত হন তিনি এবং বর্তমানে লোইকিপ-এ বিশ্লেষক হিসেবে কাজ করছেন।