যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও বিশ্বশান্তির প্রার্থনার মধ্য দিয়ে সুনামগঞ্জে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমনের এই স্মৃতিময় দিনটিতে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে প্রার্থনা সভা ও যিশুর বাণী পাঠ।
সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস-এর সভাপতিত্বে এবং সম্পাদক ডেনিস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার কপিল দেব গাইন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পরিমল কান্তি দে, ডা. সৈয়দ মোনাওয়ার আলী ও দৈনিক সুনাম কণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে র্যাব-৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে চার্চের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকেও উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।