মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘরের ভেতর গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাইজুদ্দিন (৫০)। তিনি জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে। পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা গলা কাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন। খবর পেয়ে সন্ধ্যায় স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, স্ত্রী ও সন্তানদের বিচ্ছেদে ফাইজুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাটি কাটার সরদার তারেক জানান, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিস পাঠিয়েছিলেন। মরদেহের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।