ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার গভীর রাতে প্রতিপক্ষের হামলায় মো. সাইফুল সরদার (৪৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ
ঘটনার পর শুক্রবার সকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী সার্কেল) আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
সাইফুল সরদার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত সাইফুল সরদার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস। সাইফুল পেশায় একজন কৃষক ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত্যুর খবর নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, 'স্থানীয় মেম্বার গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। তাদের বিরুদ্ধে অনেক মামলা-মোকদ্দমা আছে। দীর্ঘদিন জুয়েল পলাতক ছিল। মাঝে গ্রেপ্তার হয়ে জেলেও ছিল। মাসখানেক আগে জামিনে এসেছে। তারপর পূর্বশত্রুতার জের ধরে আজকে রাত তিনটার দিকে জুয়েল গ্রুপ অতর্কিত হামলা চালায় মেম্বার গ্রুপের ওপর। হামলায় মেম্বার গ্রুপের সাইফুল আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এলাকা থেকে কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জুয়েল গ্রুপের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'