সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরে গোপনভাবে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পরিবহনের সময় জব্দ করেছে মোবাইল কোর্ট। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মেঘাই ঘাটের নদীর তীরে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

অভিযানের সময় ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ধারায় ১৫ হাজার টাকা এবং মাংস পরিবহনের কাজে নিয়োজিত গাড়ির চালক মো. তারেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের মোবাইল টিম। অভিযান শেষে জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।