পঞ্চগড়

মাদক ব্যবসার দায়ে ইউপি সদস্যসহ আটক ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ দুই চিহ্নিত মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য, সাবেক কৃষক লীগ নেতা ও মধ্য শিকারপুর এলাকার শফিকুল ইসলাম (৫৫) এবং একই এলাকার আমিনুর ইসলাম (৩৫)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, গোপন খবরে শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আমিনুর ইসলামকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, যৌথবাহিনীর অভিযানে একজন ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।