লোকসানের বোঝা নিয়ে আখ মাড়াই শুরু জয়পুরহাট চিনিকলে

জয়পুরহাট চিনিকল গতবারের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা নিয়েই ৬৩তম আখ মাড়াই শুরু হয়েছে। দেশের উৎপাদনে বৃহৎ এই চিনিকলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুম শুরু করল। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর।

এবার চলতি ২০২৫-২৬ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ২ হাজার ৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬২৫ টাকা। বাইরের কেন্দ্রগুলো থেকে ৬১৫ টাকা দরে আখ কেনা হবে।

তাছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে  চিনিকল কর্তৃপক্ষ।